গুগল ম্যাপে আবরার হল!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের নাম বদলে দিয়েছে গুগল। হলটির নাম পরিবর্তন করে এখন তা দেখাচ্ছে আবরার হল নামে। এছাড়াও হলের মধ্যে থাকা টয়লেটগুলোর লোকেশন হয়েছে তাকে হত্যায় জড়িতদের নামে। যেমন- অমিত শাহ পাবলিক টয়লেট, কিলার অনিক সরকার পাবলিক টয়লেট, কিলার রাসেল পাবলিক টয়লেট নামে।
তবে গুগল লোকেশন ম্যাপে অন্যান্য স্থানগুলোর নাম অপরিবর্তিত রয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) গুগল ম্যাপে সার্চ করে দেখা গেছে, শেরে বাংলা হলের নাম পরিবর্তন হয়ে শেরে বাংলা আবরার হল দেখাচ্ছে। এর সংশ্লিষ্ট স্থানগুলোর পাবলিক টয়লেটের নাম দেখাচ্ছে কিলার ইফতি, কিলার সেফায়েতুল ইসলাম জিয়ন, কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট।
গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে, হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয় গোটা দেশে।
এরপর থেকে বিচারের দাবিতে ফুঁসে ওঠে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আজ নতুনভাবে পথ চলতে গণশপথ নিয়েছেন বুয়েটের উপাচার্য, সব প্রভোস্ট এবং শিক্ষার্থীরা। আবরার স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান।